রাঙামাটির লংগদুতে পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
দেশের চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলায় পেশাজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে লংগদু সদর ইউনিয়নের কাঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরী (৫০)কে গ্রেপ্তার করা হয়। তিনি লংগদু উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, ডেভিল হান্ট ফেজ ২ অপারেশনের আওতায় সন্তোষ চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অভিযান চলমান থাকবে। তিনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।