দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ, বন্ধ সাজেক সড়কে যান চলাচল

বাঘাইছড়ি সংবাদদাতা
বাঘাইছড়ি সংবাদদাতা বাঘাইছড়ি সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪৫ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬


প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী তিন দফা দাবি বাস্তবায়ন হয়নি এমন অভিযোগ তুলে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। এতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং, তালুকছড়াসহ বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে পিকেটিং করেন অবরোধ সমর্থকেরা।

এর আগে ১১ অক্টোবর প্রথম দফার অবরোধ চলাকালে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি পূরণের আশ্বাস দেয় বলে জানায় সংগঠন দুটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেননি এমন ওজুহাতে বুধবার (১৪ অক্টোবর) যৌথ বিজ্ঞপ্তিতে পুনরায় অবরোধের ঘোষণা দেয়  সংগঠন দুটি।

আন্দোলনকারীদের অভিযোগ, মাচালং এলাকার কয়েকটি স্থানে সশস্ত্র জেএসএস সদস্যদের তৎপরতা অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন ও সংবাদকর্মীদের গাড়ি অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঘাইহাট ও সাজেক সড়কে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।