পর্যটনের নতুন দিগন্তে রাবিপ্রবি: আজ শুরু হচ্ছে জাতীয় ট্যুরিজম সম্মেলন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী রাবিপ্রবি জাতীয় ট্যুরিজম সম্মেলন। দেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরা এবং একাডেমিক গবেষণার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ–এর উদ্যোগে ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন পর্যটন প্যাকেজ, ভ্রমণ অভিজ্ঞতা এবং পর্যটন শিল্পের জনপ্রিয় গন্তব্য নিয়ে মোট ৭০টি গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণাভিত্তিক উপস্থাপনা তুলে ধরা হবে।
সম্মেলনের বিভিন্ন সেশনে দেশের পর্যটন ব্যবসায়ী, উদ্যোক্তা, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। সম্মেলনের প্রথম দিন শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
এছাড়া সম্মেলনের প্লেনারি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. ফরিদুল ইসলাম এবং বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তাঁদের আলোচনায় দেশের পর্যটন শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং টেকসই পর্যটন উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
দু’দিনব্যাপী এই সম্মেলনে দেশের ৭০টিরও বেশি পর্যটন গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। গবেষণাপত্রগুলোতে পর্যটন শিল্পের উন্নয়ন কৌশল, আঞ্চলিক পর্যটন সম্ভাবনা, পরিবেশবান্ধব পর্যটন এবং নতুন গন্তব্য বিকাশের নানা দিক উঠে আসবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কী-নোট স্পিচ, ওরাল ও পোস্টার প্রেজেন্টেশন এবং সমাপনী অনুষ্ঠান।
আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে রাঙামাটির পর্যটন সম্ভাবনা জাতীয় পর্যায়ে আরও বেশি পরিচিত হবে এবং পর্যটন খাতের সঙ্গে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা ও গবেষণার কার্যকর সংযোগ তৈরি হবে।