পার্বত্য চুক্তির ২৮ বছর ; রাঙামাটিতে গণসমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ০২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১০ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে এক গণসমাবেশ। চুক্তি বাস্তবায়ন ত্বরান্বিত করা, জুম্ম স্বার্থবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করার আহ্বান জানিয়ে সমাবেশটি আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাঙামাটি জেলা কমিটি।

সমাবেশে প্রধান অতিথি  ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।

সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হলেও দীর্ঘ ২৮ বছরেও এর পূর্ণ বাস্তবায়ন হয়নি। নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র চুক্তির অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তারা। বক্তাদের দাবি, জাতীয় ঐক্যের ভিত্তিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়নই পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

এদিকে চুক্তি নিয়ে পাহাড়ি ও বাঙালি দুই জনগোষ্ঠীর মাঝেই দেখা যায় মতবিরোধ। বাঙালি নেতারা অভিযোগ করেন, চুক্তির এত বছর পরেও পাহাড়ে কমেনি অস্ত্রের ঝনঝনানি। বরং চুক্তির পর আরও অন্তত ছয়টি সশস্ত্র গোষ্ঠী সক্রিয় হয়ে চাঁদাবাজি, অপহরণ, খুন ও গুমের মতো অপরাধে জড়িয়ে পড়েছে বলে দাবি তাদের।