রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী হাওয়া, চলছে মনোনয়ন সংগ্রহ

মো: আইয়ুব ভূইয়া
মো: আইয়ুব ভূইয়া মো: আইয়ুব ভূইয়া
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৫১ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনের সময়সূচি ঘনিয়ে আসতেই রাঙামাটি-২৯৯ নম্বর সংসদীয় আসনে রাজনীতির মাঠে স্পষ্ট হতে শুরু করেছে নির্বাচনী তৎপরতা। পাহাড় ও সমতলের সমন্বয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনকে ঘিরে মনোনয়নপত্র সংগ্রহে নেমেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন করেছে। তবে পার্বত্য রাজনীতির অন্যতম প্রভাবশালী শক্তি জনসংহতি সমিতি (জেএসএস) এখনো তাদের অবস্থান প্রকাশ্যে আনেনি।

দলীয় সূত্রে জানা গেছে, জেএসএস আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রার্থী ঘোষণা কিংবা মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। ফলে আঞ্চলিক এই দলের সিদ্ধান্তের দিকে এখন নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপির হয়ে সাবেক জজ ও আইনজীবী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির শীর্ষ নেতারা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে সহসভাপতি মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অপরদিকে জামায়াতে ইসলামী থেকে অ্যাডভোকেট মোখতার আহম্মদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হকের নেতৃত্বে জেলা ও পৌর জামায়াতের নেতারা এতে অংশ নেন।

এদিকে, আলোচনার বাইরে থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা। যদিও এই আসনে তার প্রার্থিতা এখনো বড় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি।

রিটার্নিং অফিস সূত্র অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। আপিল নিষ্পত্তি হবে ১১ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত। একই দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রায় পাঁচ লাখ ভোটারের এই আসনে পাহাড়ি ও বাঙালি ভোটারের সংখ্যা প্রায় সমান। ফলে রাঙামাটি-২৯৯ আসনকে ঘিরে ভোটের অঙ্ক ও কৌশল নিয়ে দলগুলোর ভেতরে-বাইরে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠছে—এই আসনে নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।