রাঙামাটির পুরাতন বাসস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ২১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:১১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার ভোর সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে একটি ফার্নিচারের দোকান ও একটি বেতের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও পার্কিং করে রাখা বাসগুলোতে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের কিলো ডিউটিতে থাকা সদস্যরা দ্রুত ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে অধিকাংশ স্থাপনা ও যানবাহন পুড়ে ছাই হয়ে যায়।

সকালে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।