রাবিপ্রবি’তে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের সেমিনার অনুষ্ঠিত
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আজ রবিবার দুপুর ১২:৩০ ঘটিকায় একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে “Be Useful and the World Will Find You” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন রাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইটি প্রতিষ্ঠান UTC Associates-এর প্রেসিডেন্ট ও সিইও জনাব আজিজ আহমেদ। সভার সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আতিয়ার রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র সিজিপিএ বা সার্টিফিকেট নয়, গুরুত্বপূর্ণ হলো প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় করে নিজেকে উপস্থাপন করা। সমাজ ও দেশের সেবা করার উদ্দেশ্য সামনে রেখে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার আহ্বান জানান।
কীনোট স্পিকার আজিজ আহমেদ তার বক্তব্যে আমেরিকায় শিক্ষাজীবন শুরু, পার্ট-টাইম চাকরি, এবং UTC Associates প্রতিষ্ঠার গল্প শেয়ার করেন। তিনি AI, মেশিন লার্নিং, সফটওয়্যার, ফ্রিল্যান্সিং, সাইবার সিকিউরিটি, পাইথন, ড্রোন প্রযুক্তিসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্ভাবনার উপর গুরুত্ব দেন। শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, ছোট কাজ দিয়েই শুরু করতে হবে, ব্যর্থতাকে শক্তিতে পরিণত করতে হবে এবং সমাজের উন্নয়নে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।
সেমিনারের শেষে শিক্ষার্থীরা কীনোট স্পিকারের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও আলোচনা করেন। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি ও উদ্ভাবনে ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি প্রসারে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।