রাঙামাটি মেডিকেল কলেজে ‘শহীদ মনির’ নামে হলের দাবিতে পিসিসিপির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬


রাঙামাটি মেডিকেল কলেজ চালুর প্রাক্কালে পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) সন্ত্রাসী হামলায় নিহত মনির হোসেনের স্মরণে কলেজের একটি হল তার নামে নামকরণসহ পরিবারকে সরকারি চাকরি ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় রাঙামাটি মেডিকেল কলেজের গেটের সামনে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ।

সমাবেশে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, রাঙামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আন্দোলনের সময় জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের সন্ত্রাসী হামলায় মনির হোসেন নির্মমভাবে নিহত হন। তার আত্মত্যাগের বিনিময়েই রাঙামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিনেও এ হত্যার বিচার হয়নি এবং তার পরিবার কোনো সরকারি সুযোগ-সুবিধা পায়নি।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা বিস্তার, সড়ক যোগাযোগ, পর্যটন শিল্প ও উন্নয়ন কার্যক্রমে জেএসএস নামধারী সন্ত্রাসী গোষ্ঠী বারবার বাধা সৃষ্টি করে আসছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়ও তারা শিক্ষার্থী ও অভিভাবকদের হুমকি দিয়েছিল বলে দাবি করেন বক্তারা।

সমাবেশ থেকে অবিলম্বে ‘শহীদ মনির হোসেন’-এর নামে রাঙামাটি মেডিকেল কলেজের একটি হল নামকরণ, তার পরিবারকে পুনর্বাসন ও সরকারি চাকরি প্রদান, একই ঘটনায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ প্রদান এবং মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করার জোর দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় পিসিসিপি নেতৃবৃন্দ।