রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনে নতুন গতি, এডহক কমিটিতে তরুণ ক্রীড়াবিদ মুন্না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫১ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটি সদর উপজেলায় উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী গঠিত এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।


কমিটিতে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। স্থানীয় ক্রীড়া সংগঠক তৌহিদুল আলম (মামুন) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া তরুণ সংগঠক ও ক্রীড়াবিদ এন কে এম মুন্না তালুকদার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।


রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ এন কে এম মুন্না তালুকদার মূলত একজন ক্রিকেটার হিসেবে সুপরিচিত। তবে স্কুল জীবন থেকেই তিনি কাবাডি ও হ্যান্ডবল খেলায় সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব, রাঙামাটির সদস্য হিসেবে নিয়মিত ক্রীড়া কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং সংগঠনের উন্নয়নে অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের একজন সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।


তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন “ইয়াং টাইগার স্পোর্টিং ক্লাব”। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা, প্রতিভা বিকাশ এবং সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।


সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথাও তুলে ধরেছেন মুন্না তালুকদার। তিনি বলেন, “রাঙামাটির ক্রীড়াঙ্গনকে আধুনিক ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।” এ লক্ষ্য বাস্তবায়নে স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং প্রতিটি এলাকায় সক্রিয় ক্রীড়া ক্লাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক ধারায় যুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত একজন সংগঠক হিসেবে মুন্না তালুকদারের বহুমাত্রিক দক্ষতা, তার নেতৃত্বগুণ এবং তরুণদের উন্নয়নে নিরলস প্রচেষ্টা ভবিষ্যতে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টদের বিশ্বাস।