সৌদিয়া পরিবহন ঘিরে দ্বন্দ্বে রাঙ্গামাটি থেকে ঢাকা-চট্টগ্রাম বাস চলাচল বন্ধ
সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটিতে হঠাৎ বন্ধ হয়ে গেছে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব বাস চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকরা।
সৌদিয়া পরিবহনের সঙ্গে বিরোধের জেরে রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি রুটে পাহাড়িকা পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।
হঠাৎ এই সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটক ও শত শত যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুট ও স্কুল-কলেজগামী বাসও।
সৌদিয়া পরিবহনের দাবি, সব অনুমতি নিয়েই তারা গাড়ি চালালেও চাঁদা না দেওয়ায় তাদের কাউন্টারে হামলা ও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে মালিক সমিতির দাবি, চুক্তি না করেই গাড়ি চালানোয় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে যাত্রীরা দ্রুত সমস্যার সমাধান ও বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান।