পাহাড়ে১৪ জনগোষ্ঠীর অধিকার এক মঞ্চে-হাতপাখা প্রতীকে পাহাড় বদলাতে চান জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

পাহাড়ের মানুষ আর প্রতিশ্রুতির রাজনীতি নয়-চায় বাস্তব পরিবর্তন। সেই দাবিকে সামনে রেখে পার্বত্য রাঙামাটির ২৯৯ নং সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি আন্দোলনের হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছেন প্রার্থী জসিম উদ্দিন। পাহাড়ের ১৪টি জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকারই তাঁর নির্বাচনী লড়াইয়ের মূল বার্তা।

নির্বাচনী প্রচারণা ও ধারাবাহিক গণসংযোগ কর্মসূচিতে জসিম উদ্দিন বলেন, পাহাড় আজও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থায় কাঠামোগত বৈষম্যের শিকার। দুর্গম এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক চিকিৎসা সেবা না থাকায় সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে। দুর্বল যোগাযোগ অবকাঠামোর কারণে পিছিয়ে পড়ছে অর্থনৈতিক কর্মকাণ্ডও।

তিনি বলেন, হাতপাখা প্রতীকের বিজয় মানে পাহাড়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা। সংসদে গেলে কথার রাজনীতি নয়-বাস্তব কাজ দিয়েই পাহাড়ের উন্নয়ন নিশ্চিত করবো।

জসিম উদ্দিন জানান, নির্বাচিত হলে প্রত্যন্ত অঞ্চলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, প্রাথমিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবার বিস্তার এবং পাহাড়ি সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবেন তিনি।

পাহাড়ের বৈচিত্র্যই শক্তি-এ কথা উল্লেখ করে তিনি বলেন, ১৪টি জনগোষ্ঠীর প্রত্যেকটির রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। এসব সংরক্ষণ করেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জসিম উদ্দিনের ভাষায়, পাহাড়ের উন্নয়ন কোনো একক জনগোষ্ঠীর নয়-সবাইকে নিয়ে, সবার জন্য উন্নয়নই আমার রাজনীতি।

প্রচারণায়, তিনি পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শান্তি, ন্যায় ও উন্নয়নের পক্ষে রায় দিতে হাতপাখা প্রতীকে ভোট দিন। পাহাড়ের মানুষ আর পিছিয়ে থাকতে চায় না-এবার তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে চায়।