নির্বাচন সামনে রেখে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির সর্বাত্মক প্রস্তুতি

মো. সোহরাওয়ার্দী সাব্বির
মো. সোহরাওয়ার্দী সাব্বির মো. সোহরাওয়ার্দী সাব্বির
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী পরিবেশে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সীমিত পরিসরের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে বিজিবি। সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বাহিনীটি নিরপেক্ষ অবস্থান বজায় রেখে দায়িত্ব পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জনসচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানানো হয়। এ সময়ে যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন রয়েছে। দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করছেন। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় রয়েছে ২টি জেলার ৭টি উপজেলা। এসব উপজেলায় মোট ২৬৭টি ভোটকেন্দ্রে বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে রাঙামাটির দুর্গম পার্বত্য এলাকার দুটি উপজেলায় রয়েছে ২৬টি ভোটকেন্দ্র, যা নির্বাচনী দায়িত্বকে চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর মধ্যে সংসদীয় আসন চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এলাকায় একটি করে বেইজ ক্যাম্পের মাধ্যমে মোট ১৮৭টি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করা হচ্ছে। অন্যদিকে সংসদীয় আসন ২৯৯ রাঙামাটি (কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, জুরাছড়ি ও বিলাইছড়ি) উপজেলায় প্রতিটি উপজেলায় একটি করে বেইজ ক্যাম্প স্থাপন করে ৮০টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যদের নিয়মিত মহড়া, রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ, ড্রোনের মাধ্যমে নজরদারি এবং নন-লেথাল ওয়েপন ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঝুঁকি বিবেচনায় সারাদেশে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে বিজিবির সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন কার্যক্রমে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।