রাঙামাটিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স, ২০ এপ্রিল থেকে শুরু কর্মসূচি
ইপিআই কার্যক্রমের আওতায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।
জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতিক সেন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত সারাদেশে তিন সপ্তাহব্যাপী এই টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিনই কার্যক্রম চলমান থাকবে। কর্মসূচির উদ্বোধন করা হবে ২০ এপ্রিল সকাল ১০টায় রাঙামাটি বায়তুল শরফ কমপ্লেক্স মাদ্রাসায়।
কর্তৃপক্ষ জানায়, দেশের শিশুদের হাম ও রুবেলা সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে এ ক্যাম্পেইন গ্রহণ করা হয়েছে। এর আওতায় রাঙামাটি জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় সাড়ে ৬৩ হাজার শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে শিশুটি পূর্বে টিকা গ্রহণ করে থাকুক বা সংক্রমিত হয়ে থাকুক, তাতে কোনো বাধা নেই।
এছাড়া, এই ক্যাম্পেইনের মাধ্যমে জিরো ডোজ ও লেফট-আউট শিশুদের অন্তর্ভুক্ত করা, ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ (ভিপিডি) এবং টিকাদান-পরবর্তী প্রতিক্রিয়া (এইএফআই) বিষয়ে নজরদারি জোরদার করা এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জেলার প্রতিটি উপজেলায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে বিদ্যমান ইমিউনিটি গ্যাপ কমিয়ে হাম ও রুবেলা রোগের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।
প্রেস কনফারেন্সে বক্তারা হাম-রুবেলা নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং সকল অভিভাবককে নির্ধারিত সময়ের মধ্যে তাদের সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অনুরোধ করেন।