চট্টগ্রাম বন্দর সচল করতে সরকার হার্ড লাইনে যাবে: নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বাধা প্রদানের অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যারা বন্দর সচলতায় বিঘ্ন সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “কিছু গোষ্ঠী চট্টগ্রাম বন্দরকে অচল করার মাধ্যমে নিজেরা স্বার্থ হাসিলের চেষ্টা করছে। বন্দরকে অস্থিতিশীল করে একটি চক্র পণ্যের মূল্যবৃদ্ধি এবং নির্বাচনকে বিঘ্নিত করার পরিকল্পনা করছে।”
তিনি আরও বলেন, “চট্টগ্রামে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে একটি চক্র। সিইসিকে আমি জানিয়েছি যেন এমন ঘটনা না ঘটে।”
উল্লেখ্য, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবি মেনে নেওয়ার জন্য বন্দরে আবারও অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু হয়।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, “সরকার বন্দর সচল রাখতে এবং জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কোন ছাড় দেবে না।”