রাঙামাটির বরকলে চাঁদা না দেওয়ায় হুমকি ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন
চাঁদা না দেয়ায় হুমকি, মিথ্যা অপপ্রচার ও মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন রাঙামাটির বরকল উপজেলার হরিণা বাজারের ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছরের ব্যবসায়িক জীবনে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও সম্প্রতি স্থানীয় রবিউল ইসলাম ও নুর হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, তাকে চোরকারবারী ও অবৈধ পণ্য পাচারকারী হিসেবে অপপ্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। রাঙামাটি থেকে হরিণা য় পন্য পরিবহনে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ৫টি চেকপোস্ট থাকার কারণে এ ধরনের অভিযোগ অবাস্তব বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের অপপ্রচার আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করছে বলে তিনি দাবি করেন।
মোজাম্মেল হক আরও জানান, রবিউল ইসলাম তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় তিনি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন (সাইবার পিটিশন নং-১৩৯/২০২৬)। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিজের নিরাপত্তা চেয়ে বরকল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, এ ধরনের অপপ্রচার শুধু তাকে নয়, এলাকার অন্যান্য ব্যবসায়ীদেরও ঝুঁকির মুখে ফেলছে। এ বিষয়ে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, তিনি সম্পূর্ণ সৎভাবে ব্যবসা পরিচালনা করেন এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বরকল উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক সওদাগর, হরিণা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ সোলায়মান সওদাগর, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিক এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি নাঈমুর রহমান দুর্জয়। দুর্জয় অভিযোগ করেন, রবিউল হোসেন ও তার পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং বিগত সময়ে তাদের পরিবারের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছে। তার মায়ের কাছ থেকে রবিউলে ইসলামের পরিবার পাঁচ লক্ষ টাকা চাঁদা করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানায়; বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচেনের আগের রাতে আওয়ামীলীগৈর ৩০-৪০ জন নেতাকর্মী নিয়ে দুর্জ য়ের পরিবারের উপর হামলা চালায়। ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বলেন, কোনো সৎ ব্যবসায়ীকে যেন এভাবে হয়রানি বা মানহানি না করা হয়, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা এই ষড়যন্ত্রকারী চক্রের মুখোশ উন্মোচন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।