প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে সহযোগিতার আশ্বাস: রাঙামাটি আইটি স্কুলে, হাবীব আজম
রাঙামাটিতে প্রযুক্তিনির্ভর শিক্ষার এক ভিন্ন উদ্যোগ—রাঙামাটি আইটি স্কুল—পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবীব আজম।
শনিবার, ১৮ জানুয়ারি দুপুর ১২টায় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম ও অবকাঠামো সরেজমিনে পর্যালোচনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ানসহ শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
পরিদর্শনকালে হাবীব আজম শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রযুক্তিভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
অভিভাবকদের বসার সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা পরিষদের এই সদস্য। পাশাপাশি ভিন্নধর্মী এই প্রযুক্তিনির্ভর শিক্ষা উদ্যোগের প্রসারে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।