অস্তিত্ব সংকটে ‘বেঙ্গল স্লো লরিস’, কাপ্তাই জাতীয় উদ্যানে নতুন ঠিকানা
রাঙামাটির বরকল উপজেলার লোকালয় থেকে উদ্ধার হওয়া বিলুপ্তপ্রায় ‘লজ্জাবতী বানর’ বা বেঙ্গল স্লো লরিসকে (Bengal Slow Loris) কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (৬ মে) সন্ধ্যায় বন্যপ্রাণীটিকে তার প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়।
বন বিভাগ সূত্র জানায়, বরকল উপজেলার কলাবুনিয়া এলাকায় লোকালয়ে হঠাৎ করে প্রাণীটি দেখা গেলে স্থানীয়দের নজরে আসে। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করেন। উদ্ধার শেষে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের তত্ত্বাবধানে লজ্জাবতী বানরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এ সময় কর্ণফুলী ডেপুটি রেঞ্জার আবু নাইমসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, “উদ্ধারকৃত প্রাণীটি সুস্থ থাকায় দ্রুততম সময়ের মধ্যেই প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, International Union for Conservation of Nature (IUCN)-এর লাল তালিকায় বেঙ্গল স্লো লরিসকে ‘বিপন্ন’ (Endangered) হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাজুক ও নিশাচর স্বভাবের এ প্রাণীটি সাধারণত গভীর বনে বসবাস করে এবং খুব কমই মানুষের সামনে আসে।
বন বিভাগ জানায়, কাপ্তাই জাতীয় উদ্যান ইতোমধ্যে বিরল ও বিপন্ন বন্যপ্রাণীর একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে উঠছে। এর আগে এখানকার অরণ্যে অজগরসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রাণী অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী পাচার রোধ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন বিভাগের কার্যক্রম অব্যাহত রয়েছে।