ভোটের দিন সারা দেশে আবহাওয়া: বিভাগভেদে তাপমাত্রার পূর্বাভাস

অনলাইন ডেক্স
অনলাইন ডেক্স অনলাইন ডেক্স
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ১০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বৃহস্পতিবার সারা দেশে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিভাগভেদে তাপমাত্রায় কিছুটা তারতম্য থাকতে পারে।

ঢাকা বিভাগে ভোটের দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রাজধানীতে কুয়াশার সম্ভাবনা নেই। তবে নদী অববাহিকা এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, যা দ্রুত কেটে যাবে।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে। এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রংপুরের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ বিভাগের নদী অববাহিকা এলাকায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

সিলেট বিভাগে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকতে পারে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। এ বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে তা কমে যাবে।

বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, ভোটের দিন বাতাস সহনীয় থাকবে এবং তাপমাত্রা পূর্বাভাসের সঙ্গে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতে পারে। সামান্য শীতের অনুভূতি থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া ভোট গ্রহণের জন্য অনুকূল থাকবে।