সংসদ নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ঢাকা
ঢাকা ঢাকা
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জাতীয় সংসদে বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতেই সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সদস্যদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কিত দলীয় সিদ্ধান্ত তুলে ধরেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথপত্রে স্বাক্ষর করেন।

সূচি অনুযায়ী, বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন এবং এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।