ভবিষ্যৎ রাজনীতি গড়বে জনতার কথা; রাঙামাটিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত
এসডিজি বাস্তবায়নে নাগরিক সম্পৃক্ততা আরও জোরদার করতে ‘সিটিজেন’স প্ল্যাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ’ প্রাক-নির্বাচনী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটিতে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পরামর্শ সভা।
সভায় নাগরিকদের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ নির্বাচনী ইশতেহার প্রণয়নে অংশ নিতে আহ্বান জানানো হয়। অংশগ্রহণকারীরা অনলাইনের মাধ্যমে নির্বাচন পরবতী দেশ গঠনের নানান বিষয়ে তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন।
সভায় জানানো হয়, উন্নয়ন, সমতা, বিচার ও অধিকারের বিষয়ে জনগণের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী অঙ্গীকারকে আরও শক্তিশালী ও জনগণমুখী করাই নাগরিক প্ল্যাটফর্মের লক্ষ্য।
নাগরিক অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। এছাড়া নাগরিক প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে জানতে ওয়েবসাইট www.bdplatform4sdgs.net ভিজিট করতে অনুরোধ জানানো হয়।
এ উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা, দাবি, প্রস্তাবনা ও প্রয়োজন সরাসরি ইশতেহার প্রণয়নে প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।