রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ন, ২৬ মে ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৭ মে ২০২৬


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সোমবার (২৫ মে) দুপুরে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসেবে উপকারভোগী পরিবারের হাতে চাউল তুলে দেওয়া হয়।

পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আনুগত্য ও মানবতার শিক্ষা দেয়। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ ও হিংসা ত্যাগেরও প্রতীক। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত ঈদের আনন্দ অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) পাহাড়ের অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে বক্তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০টি পাহাড়ি ও বাঙালি পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে চাউল তুলে দেন। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।