জনসচেতনতা বাড়াতে দুর্গম পাহাড়ে ৩৭ বিজিবির উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করেছে রাঙামাটি জেলার লংগদু উপজেলাস্থ রাজনগর (৩৭) বিজিবি জোন।

মঙ্গলবার সকালে বিজিবি ক্যাম্পসংলগ্ন পোকশাপাড়া এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজনগর (৩৭) বিজিবি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসএসি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া, প্রভাষক মোহাম্মদ বাদশা আলম, স্থানীয় বয়োবৃদ্ধ ব্যক্তি, স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন নির্বাচনি বিধি-বিধান, ভোটারদের অধিকার, নির্বাচনকালীন করণীয় ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরেন। তিনি ভোটারদের কোনো প্রকার ভয়ভীতি উপেক্ষা করে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, নির্বাচন চলাকালীন কেউ সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করার চেষ্টা করলে বিজিবি তা কঠোরভাবে প্রতিরোধ করবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিজিবির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন মতামত গ্রহণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন জোন কমান্ডার।

জনসচেতনতা বৃদ্ধি ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে শিক্ষা বিস্তার, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সভা শেষে ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ফিরোজ মিয়া সময়োপযোগী ও কার্যকর এমন গুরুত্বপূর্ণ উঠান বৈঠকের আয়োজন করায় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসএসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।