রাঙামাটি-২৯৯ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১টি স্থগিত ও ১টি বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটি-২৯৯ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ আসনে মনোনয়নপত্র দাখিল করা আট প্রার্থীর মধ্যে ছয় জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের প্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিনের জমাকৃত কাগজপত্রে অসংগতি থাকায় বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সময় বেঁধে দিয়ে তাঁর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়নপত্রের ক্ষেত্রে নির্ধারিত এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা না থাকায় তা অবৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “প্রার্থীদের জমাকৃত কাগজপত্র যাচাই করে দেখা হয়েছে। যাদের কাগজপত্র সঠিক ও অভিযোগবিহীন, তাদের ছয় জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কাগজপত্রের অসংগতি থাকায় একজনের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ স্বাক্ষর ঘাটতি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।”
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুপার জসিম উদ্দিন, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও তাঁদের মনোনীত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।