রাঙামাটিতে পোস্টাল ভোটের ১৩ ব্যালট বাক্স লক ও সিলগালা

মো: আইয়ুব ভূইয়া
মো: আইয়ুব ভূইয়া মো: আইয়ুব ভূইয়া
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ২৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:০৯ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে রাঙামাটিতে ব্যালট বাক্স বন্ধকরণ ও সিলগালা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রমে সভাপতিত্ব করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী। নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পোস্টাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতকৃত ব্যালট বাক্সগুলো লক ও সিলগালা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিগণ। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা পোস্টাল ভোটের আবেদন গ্রহণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

কার্যক্রম চলাকালে নির্বাচন কর্মকর্তারা পোস্টাল ভোটের আবেদন, গ্রহণ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। পরে নির্ধারিত বিধি অনুসরণ করে পোস্টাল ভোট গ্রহণের জন্য নির্ধারিত ব্যালট বাক্সগুলো সিলগালা ও তালাবদ্ধ করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, রাঙামাটি জেলায় পোস্টাল ভোটের জন্য মোট ৫ হাজার ৩৬০ জন আবেদন করেছেন। এসব ভোট গ্রহণের জন্য আজ মোট ১৩টি ব্যালট বাক্স লক করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন জমাকৃত পোস্টাল ভোটের বিস্তারিত তথ্য অফিস সময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় রাঙামাটি শহরের জিমনেসিয়ামে পোস্টাল ভোট গণনা অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ ও গণনা—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে।

নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।