রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, দিনব্যাপী নানা কর্মসূচি পালিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বীর শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসটি ঘিরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পক্ষে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে দেশপ্রেমের আবেগ ছড়িয়ে দেয়।
এদিকে সকাল ১০টায় একই স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মহান স্বাধীনতা দিবসে রাঙামাটির সর্বস্তরের মানুষ বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শে দেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন।