রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।
শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে সজ্জিত হয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নেন। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচাসহ বিভিন্ন জাতীয় পাখির প্রতিকৃতি স্থান পায়, যা আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
এ সময় ঢাকের তালে তালে তরুণ-তরুণীরা নৃত্যের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানান। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে লোকজ মেলার উদ্বোধন করা হয়। এছাড়া আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।