সাজেক গঙ্গারামে বাঘাইহাট জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় দুর্গম পাহাড়ি ও দুস্থ মানুষের জন্য বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। জোন কমান্ডার লে. কর্নেল মো: তারেকুল ইমরান, পিএসসি-এর তত্ত্বাবধানে ৫১১ জন মানুষ সেবা গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো: সালমান সিদ্দিক, পিএসসি এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও)।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, গঙ্গারাম এলাকার কারবারি জ্যোতি লাল চাকমা, গঙ্গারাম বাজারের ব্যবসায়ী বাবুধন চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণ চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। বিগত দিনে বাঘাইহাট জোনের আওতায় ভুয়াছড়ি, মাসালং এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছি। আজকের কার্যক্রম তার ধারাবাহিকতা, এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।”
সামাজিক দায়িত্ব ও জনসেবার অংশ হিসেবে বাঘাইহাট জোনের এই উদ্যোগ স্থানীয় মানুষদের মধ্যে বিশেষ প্রশংসা ও কৃতজ্ঞতা অর্জন করেছে।